সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ রাখা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিকার সভায় নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হলেও জানানো হয়েছে যে, মন্ত্রণালয়ের ইংরেজি নাম আগের মতোই বহাল থাকবে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ‘মহিলা’ শব্দের পরিবর্তে আরও সম্মানজনক ও আধুনিক পরিভাষা হিসেবে ‘নারী’ শব্দটি ব্যবহারের এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। সভার এক পর্যায়ে তিনি নির্বাচনের আগে ও বিভিন্ন সময়ে লুট হওয়া সব অবৈধ অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার কথা জানান তিনি।
রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই নিকার সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।