আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৬ জানুয়ারি স্বাক্ষরিত ওই চিঠিটি ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, পাবনা-১ (নির্বাচনি এলাকা ৬৮) ও পাবনা-২ (নির্বাচনি এলাকা ৬৯) আসনের সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতের আপিল বিভাগে মামলা (সিএমপি নং-১১০৫/২০২৫) চলমান রয়েছে। গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে দেওয়া আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে কমিশন এই দুই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, "সীমানা সংক্রান্ত আইনি জটিলতা ও আদালতের নির্দেশনার কারণে আমরা এই দুটি আসনের নির্বাচন স্থগিত করেছি। এ বিষয়ে গতকাল কিছু তথ্যগত অসংগতি থাকলেও আজ ইস্যু করা চিঠিটিই চূড়ান্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে কোনো নির্বাচনি কার্যক্রম চলবে না।"
উল্লেখ্য, তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সীমানা জটিলতায় পাবনার এই দুটি আসনে ভোটগ্রহণ আপাতত অনিশ্চয়তার মুখে পড়ল।