সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাদির মরদেহ আসার সংবাদে আগে থেকেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাধারণ দর্শনার্থী ও উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে মরদেহটি বের করে সরাসরি একটি ফ্রিজিং ভ্যানে তোলা হয়।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কফিন নিয়ে বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ সরাসরি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাতটি সেখানেই রাখা হবে। তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ রাখা উপলক্ষে হাসপাতালের আশপাশেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে সমাহিত করার দাবি জানানো হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার বড় পরিসরে জানাজা অনুষ্ঠিত হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করে শনিবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।