× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলা-উপজেলা প্রশাসনে পদোন্নতি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৫, ১৯:২২ পিএম । আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৫, ১৯:২২ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা। ছবি: সংগৃহীত

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে কর্মরত ১০ম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের ৯ম গ্রেডে পদোন্নতি দেওয়ার দীর্ঘদিনের দাবিটি বাস্তবায়নের জন্য নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৫-এর মধ্যমেয়াদি ৫নং সিদ্ধান্তের আলোকে এই পদোন্নতির সোপান তৈরিতে অর্থ বিভাগে নতুন করে প্রস্তাব পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় বক্তারা এই পদোন্নতির বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

পদোন্নতি ও পদ সৃজনের ইতিহাস

বর্তমানে মাঠপ্রশাসনের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ৮৩০টি ১০ম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তার পদ বিদ্যমান। সভায় জানানো হয়, অন্যান্য সরকারি দপ্তর ও সচিবালয়ের ১০ম গ্রেডভুক্ত ২য় শ্রেণির কর্মকর্তাদের ৯ম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ থাকলেও, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নকারী মাঠপ্রশাসনে এই পদোন্নতির সোপান দুঃখজনকভাবে অনুপস্থিত।

পূর্ববর্তী সিদ্ধান্ত

জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ এবং ২০১৯-এ মাঠপ্রশাসনের ৩য় শ্রেণি কর্মচারীদের পর্যায়ক্রমে সচিবালয়ের কর্মচারীদের মতো পদোন্নতি এবং পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সহকারী কমিশনার (নন-ক্যাডার) পর্যন্ত পদোন্নতির বিধান রাখার সিদ্ধান্ত হয়েছিল।

অর্থ বিভাগের অসম্মতি

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২১ সালে নবম গ্রেডের ২২২টি পদ সৃজনের জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ বিভাগ দুই দফায় (২০২১ সালের ৬ মে ও ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি) সেই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করায় পদ সৃজন সম্ভব হয়নি।

সর্বশেষ, জেলা প্রশাসক সম্মেলন ২০২৫-এর সিদ্ধান্ত অনুযায়ী ৯ম গ্রেডের একাধিক পদ সৃজন এবং পদোন্নতির মাধ্যমে তা পূরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়কে নতুন করে অর্থ বিভাগে প্রস্তাব পাঠানোর দায়িত্ব দিয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সমিতির সভাপতি এসএম জাহিদুল ইসলাম এবং অন্যান্য বক্তারা তাঁর কাছে জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।

এছাড়াও, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রণীত চার্টার অব ডিউটিজ (দায়িত্বের তালিকা) সুনির্দিষ্ট ও বিস্তারিত না থাকায় কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে সভায় জানানো হয়। অন্যান্য অফিসের মতো মাঠপ্রশাসনের কর্মকর্তাদেরও সুনির্দিষ্ট ও বিস্তারিত চার্টার অব ডিউটিজ প্রণয়নের জন্য গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এই বিষয়েও প্রধান অতিথির সহযোগিতা চাওয়া হয়।

সভায় মোট ৭৯ জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। ভবিষ্যতে সমিতির কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.