অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তাঁর উন্নত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রেস উইংয়ের বার্তা অনুযায়ী, প্রধান উপদেষ্টা এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বলেন, "বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।"
অধ্যাপক ইউনূস গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়াকে জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন যেন প্রয়োজনীয় সকল সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকা হয়।
চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আজ দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরে নিশ্চিত করেন যে খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর একাধিকবার শারীরিক জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।