দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ পাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ বন্ধ করার জন্য নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়েছে।
বুধবার সকালে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়। দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বাংলাদেশের এই উদ্বেগের কথা ভারতীয় কূটনীতিককে জানান।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ভারতীয় কূটনীতিকের কাছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতের রাজধানীতে অবস্থানরত শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ঢাকা গভীরভাবে উদ্বিগ্ন।
পররাষ্ট্র মন্ত্রণালয় দ্ব্যর্থহীনভাবে বলেছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি একজন কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং একই সঙ্গে তাঁকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া—এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মোটেই সহায়ক নয়।
ভারতীয় উপহাইকমিশনারকে স্পষ্ট করে বলা হয়েছে, দ্রুত যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের এই অনুরোধের বিষয়ে অবহিত করেন, যাতে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা অবিলম্বে বন্ধ করা হয়।