কয়েকদিন ধরে চলা শীতের তীব্রতার মধ্যে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আসতে পারে বৃষ্টি, এমনটাই আভাস দিয়েছেন একজন আবহাওয়াবিদ।
শনিবার (১৩ জানুয়ারি) আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১৮-১৯ জানুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পৌষের শেষে শীতের তীব্রতা বাড়ায় গত কয়েকদিন ধরেই কাঁপছে দেশের বিস্তীর্ণ জনপদ। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও সারাদিনেও মিলছে না সূর্যের দেখা।
কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বিঘ্নিত হওয়ার খবরও মিলছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
এছাড়া নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি, সৈয়দপুরে ৯ ডিগ্রি, রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি এবং পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।