গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।
আজ (শনিবার) প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। রোববার (১৪ জানুয়ারি) তার অপর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। এদিন বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সেখানে নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন শেখ হাসিনা। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা।
আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।