× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় ওয়েজ বোর্ড বাধ্যতামূলক: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ জুলাই ২০২৬, ০১:২৬ এএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৬, ০১:৫৪ এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের মালিকপক্ষের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে। যেন গণমাধ্যমকর্মীরা একটি নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশে নিজেদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটাতে পারেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলধারার গণমাধ্যমের সংকট নিরসন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকারের সদিচ্ছার বিষয়টি এই সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। যা পরোক্ষভাবে অপসাংবাদিকতাকে উসকে দিতে পারে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে সংবাদপত্র শিল্পের মালিকদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্বয়ং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ রক্ষা ও প্রয়োজনীয় কমিশন গঠনের বিষয়ে নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। তবে একই সাথে তিনি মূলধারার গণমাধ্যমের সমসাময়িক ডিজিটাল চ্যালেঞ্জের বিষয়টিও স্মরণ করিয়ে দেন।

মন্ত্রী বলেন, প্রচলিত গণমাধ্যম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাধীন কনটেন্ট নির্মাতাদের কারণে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। যার ফলে বিজ্ঞাপনের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। এই সংকট মোকাবিলায় তিনি মূলধারার সংবাদমাধ্যমকে প্রযুক্তিবান্ধব ও আরও প্রতিযোগিতামূলক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সরকারি বিজ্ঞাপনের সুষম বণ্টনে দর্শক ও পাঠক সংখ্যার প্রকৃত মানদণ্ড নিরূপণে একটি প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান তালুকদার, নির্বাহী সম্পাদক হায়দার আলী, নিউজ ২৪ এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলাম মনজু এবং কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.