আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোয় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে, যার ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে কোনো ছাপা সংবাদপত্র প্রকাশিত হবে না। সোমবার (১৮ মে) সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সাধারণত জাতীয় উৎসব ও ধর্মীয় ছুটিগুলোয় সংবাদপত্রে তিন দিনের ছুটি থাকার রেওয়াজ থাকলেও, এবার তা বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব। সংগঠনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, “নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদ্যাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।”
এই সিদ্ধান্তের ফলে গণমাধ্যমকর্মীরা এবার ঈদে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। তবে ছাপা পত্রিকা বন্ধ থাকলেও পাঠকদের তাৎক্ষণিক ও সর্বশেষ সংবাদ জানাতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল এবং ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণগুলো এ সময়ে সচল থাকবে বলে জানা গেছে।