দেশের ক্রমবর্ধমান এভিয়েশন ও পর্যটন খাতের সংবাদচর্চায় পেশাদারিত্বের উৎকর্ষ সাধন এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নতুন সংগঠন ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (বিএটিজেএ)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক বিশেষ সভায় বিভিন্ন গণমাধ্যমের সংশ্লিষ্ট বিটে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনটির সূচনালগ্নে সর্বসম্মতিক্রমে নয় সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দেশ টিভির সাংবাদিক আলীমুজ্জামান সাফওয়ান আহ্বায়ক এবং একুশে টেলিভিশনের সাংবাদিক ইমন চৌধুরী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— মো: শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।
নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর ব্যবস্থাপনা এবং দ্রুত বিকশিত এভিয়েশন খাতের সংবাদ প্রবাহে বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ‘বাটজা’ সক্রিয় ভূমিকা পালন করবে। বক্তারা গুরুত্বারোপ করেন যে, এভিয়েশন খাত অত্যন্ত কারিগরি ও সংবেদনশীল হওয়ায় এই বিটের সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও আন্তর্জাতিক মানের মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আবু দারদা যোবায়ের এবং চ্যানেল ২৪-এর হেড অব ডিজিটাল রাজিব খান। উপদেষ্টারা জানান, এই প্ল্যাটফর্মটি এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার সংস্কৃতিকে আরও সুসংহত করবে।