× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৯ আগস্ট ২০২৬, ১৮:৪১ পিএম । আপডেটঃ ০৯ আগস্ট ২০২৬, ১৮:৪৪ পিএম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ও চলচ্চিত্রের খল চরিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে গ্রেপ্তার করে। আজই তাঁকে ঢাকার আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিআইডি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাঁকে হেফাজতে নেয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সালমান শাহ হত্যা মামলায় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে আসামি ডনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

আদালতে নেয়া হচ্ছে অভিনেতা ডনকে | ছবি: সংগৃহীত


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর ধরে মৃত্যুর কারণ নিয়ে নানামুখী আলোচনা ও অপমৃত্যুর তদন্ত চলাকালীন গত বছর আদালত এই ঘটনাকে হত্যা মামলা হিসেবে রুজু করার নির্দেশ দেন। নির্দেশনার পর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বর্তমানে সিআইডি মামলাটির নিবিড় তদন্ত পরিচালনা করছে। আগামী ৩০ আগস্ট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। এই বহুল আলোচিত হত্যা মামলায় ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা তদন্ত প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.