ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা সংগ্রহের নামে নাগরিকদের কাছ থেকে বেআইনিভাবে অতিরিক্ত ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বাদী হয়ে রবিবার (২৬ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। সিটি করপোরেশনগুলো হোল্ডিং ট্যাক্সের সাথেই বর্জ্য অপসারণের ফি আদায় করা সত্ত্বেও বাসাবাড়ি থেকে পুনরায় আলাদা চার্জ নেওয়াকে আইনিভাবে অবৈধ ও দ্বৈত কর হিসেবে চিহ্নিত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী।
রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, "সিটি করপোরেশনগুলো নাগরিকদের কাছ থেকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স আদায় করে, যার মধ্যে বর্জ্য সরানো ও হস্তান্তরের খাত আগেই অন্তর্ভুক্ত থাকে। সুতরাং হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে একবার ফি নেওয়ার পর ভ্যানসেবার অজুহাতে নাগরিকদের কাছ থেকে মাসে মাসে আবার টাকা নেওয়া পুরোপুরি বেআইনি।"
আইনজীবী জানান, এই অবৈধ ফি আদায় বন্ধে তিনি গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক লিখিত আবেদন পেশ করেন। সেখানে প্রতিকার না পেয়ে চলতি জুলাই মাসের শুরুতে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। নোটিশের পর কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি বাধ্য হয়ে জনস্বার্থে হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আগামী চলতি সপ্তাহের মধ্যেই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে প্রাথমিক শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করছেন আইনজীবী।