× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিয়া হত্যা মামলা

৪৫ বছর পর পলাতক সাবেক মেজর মোজাফফর আটক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৭ জুলাই ২০২৬, ০৩:১৭ এএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৬, ০৩:২০ এএম

৪৫ বছর পলাতক থাকার পর রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশের হাতে আটক হওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর অবশেষে পলাতক অভিযুক্ত সেনা কর্মকর্তা সাবেক মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী কোর্ট মার্শালের (সামরিক আদালত) মুখোমুখি করতে তাকে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনার পর থেকেই মোজাফফর হোসেন পলাতক ছিলেন। দীর্ঘ সাড়ে চার দশক ধরে তিনি ছদ্মনাম ব্যবহার করে মূলত প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে ছিলেন এবং মাঝে মাঝে সীমান্ত পাড়ি দিয়ে যাতায়াত করতেন। সে সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, "অভিযুক্ত মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে সুকৌশলে পলাতক ছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে আমাদের একটি চৌকস দল তাকে আটক করতে সক্ষম হয়।"

ইতিহাসের অন্যতম নৃশংস এই হত্যাকাণ্ডের রাতে সংঘটিত ঘটনাবলীতে মোজাফফর হোসেনের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। ১৯৮১ সালের ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে চট্টগ্রামে যান এবং ৩০ মে ভোররাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন। তদন্ত সংশ্লিষ্ট ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী, হামলার সময় এই মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যার মধ্যে পরবর্তীতে জেনারেল মঞ্জুর নিহত হন। পরবর্তী সময়ে সামরিক আদালতে এই বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে ১৩ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আরও বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন পর অন্যতম এই মূল অভিযুক্তের ধরা পড়ার ঘটনাটি দেশের বিচারহীনতার সংস্কৃতি দূর করার ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পর এখন মোজাফফর হোসেনের বিরুদ্ধে সামরিক আইন অনুযায়ী কোর্ট মার্শালের মাধ্যমে চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.