× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, হট্টগোলের জেরে আটক ৭

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০১:৪৮ এএম । আপডেটঃ ০২ জুন ২০২৬, ০১:৫১ এএম

সোমবার মাগরিবের নামাজ শেষে ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হওয়ার পর হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান ও হট্টগোলের সময়কার পরিস্থিতি। ছবি: ভিডিও থেকে নেওয়া

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা সম্পন্ন হওয়ার পরপরই এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।

উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ আজ বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই উপস্থিত কিছু ব্যক্তি হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এতে সেখানে উপস্থিত অন্যদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, "জানাজা শেষ হওয়ার পর একদল ব্যক্তি সেখান থেকে একটি মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং সেখান থেকে সাতজনকে আটক করা হয়েছে।"

পারিবারিক সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
হঠাৎ ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ধানমন্ডি ও তাকওয়া মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.