× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজানে স্কুল বন্ধ ৮ মার্চ নয়, শুরু ১৮ ফেব্রুয়ারি থেকে: হাইকোর্ট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৪ পিএম । আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ এএম

পবিত্র রমজান উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফাইল ছবি

পবিত্র রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। শুনানি শেষে ইলিয়াছ আলী মন্ডল সাংবাদিকদের বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় স্পষ্ট বৈষম্য পরিলক্ষিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস ছুটি দেওয়া হলেও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তা ৮ মার্চ থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল। একই মন্ত্রণালয়ের অধীনে এই দ্বিমুখী সিদ্ধান্ত সংবিধানের বৈষম্যহীন নীতির পরিপন্থী। আদালত শুনানি শেষে আদেশ দিয়েছেন যে, মাদ্রাসার মতো হাইস্কুলও ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে।”

২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর আগে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির প্রজ্ঞাপন জারি করেছিল। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির খসড়া তালিকা প্রকাশ করে। ছুটির এই ভিন্নতার কারণে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই এ দেশের দীর্ঘদিনের রীতি বা প্রথা। সংবিধানের ২ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম এবং প্রচলিত প্রথা অনুযায়ী রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্ট এই যুক্তির প্রাথমিক সত্যতা পাওয়ায় ছুটির তারিখ এগিয়ে আনার নির্দেশনা দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ। আজকের এই আদেশের ফলে সারা দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো রমজান মাসে ছুটির সুযোগ পাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.