গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিকভাবে বাধার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত তিন স্তরের যুদ্ধবিরতি পরিকল্পনায় সাড়া দেবেন কিনা, তা এখনও অনিশ্চিত।
যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু তাঁর সরকারের ডানপন্থি সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন। দেশটি ঘোষণা দিয়েছে, গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রাজনৈতিক বিশ্লেষক ডাহলিয়া শেইন্ডলিন বলেছেন, তবে ডানপন্থি সদস্যরা চুক্তির বিষয়ে সরকার থেকে সরে গেলে নেতানিয়াহুর সরকার পতনের মুখে পড়বে, তা নয়। কারণ চুক্তিকে সমর্থন করতে ইচ্ছুক বিরোধী দলগুলোর সমর্থন অর্জন করতে পারেন নেতানিয়াহু।
রাফা থেকে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত
ইসরায়েলি হামলায় গাজার দক্ষিণতম রাফা শহর থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শহরটিতে ১০ লাখ ৪০ হাজারের মতো শরণার্থী আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এ তথ্য দিয়েছে।
সর্বশেষ তথ্যমতে, গত ৭ অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ৩৬ হাজার ৪৭৯ ফিলিস্তিনি নিহত ও ৮২ হাজার ২৭৭ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ ফিলিস্তিনি নিহত ও ১৫০ জন আহত হয়েছে।
মালদ্বীপে ইসরায়েলি পর্যটক নিষিদ্ধ
মালদ্বীপ সরকার দেশটিতে ইসরায়েলি পাসপোর্টধারী পর্যটক নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলি নাগরিকদের এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান হামলা অব্যাহত, ১২০ মৃতদেহ উদ্ধার
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকাজুড়ে আরও বিমান হামলা শুরু করেছে। গাজার দক্ষিণে খান ইউনিসের পাশাপাশি রাফা শহরের একাধিক এলাকায় রাতারাতি ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, দুই শহরে রাতভর হামলায় নারী, শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। জাবালিয়ায় শরণার্থী শিবির থেকে দু’দিনে ১২০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে ফের তৎপরতা শুরু করার জন্য ফিলিস্তিনি অংশ থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চেয়েছে মিসর। গত রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের কর্মকর্তাদের মধ্যে বৈঠকে মিসর নিজেদের দাবিতে অনড় ছিল।