ভারত নিয়ন্ত্রিত জম্মু জেলার আখনুর এলাকায় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে আখনুরের চুঙ্গি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ জন তীর্থযাত্রী নিয়ে বাসটি রাইসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরের দিকে যাচ্ছিল। যাত্রীদের অধিকাংশই উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বাসিন্দা। জম্মুর সরকারি কর্মকর্তারা বলেছেন, বাসটি জম্মু-পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ২২ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। রাইসি জেলার একজন কর্মকর্তা বলেছেন, বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
আখনুরের মেডিকেল কর্মকর্তা মুহম্মদ সেলিম খান স্থানীয় সংবাদমাধ্যম কেএনওকে বলেছেন, ২২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৭ জন। গুরুতর আহতদের বিশেষ চিকিৎসার জন্য জম্মুর জেএমসি হাসপাতালে পাঠানো রয়েছে।