× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাইডেনের হুঁশিয়ারির তোয়াক্কা না করেই রাফায় ইসরায়েলের হামলা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৯ মে ২০২৪, ০৬:৪২ এএম । আপডেটঃ ০৯ মে ২০২৪, ১৩:২৭ পিএম

সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে বড় কোনও অভিযান না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করার পরও সেখানে ভারি গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল।

রাফার একজন ত্রাণকর্মী বিবিসি-কে বলেন,নগরীটিতে গত ২৪ ঘন্টায় তুমুল বোমা হামলা হয়েছে। এমন বোমা হামলা গত দুই সপ্তাহেও দেখা যায়নি।

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার (ইউএনআরডব্লিউএ)এই কর্মী বলেন,বৃহস্পতিবার সকালে কয়েকমাইল দূরে রাফার পূর্বাঞ্চলে ঘন ঘন বোমা হামলা হয়েছে। আর সেই বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠছে পশ্চিম রাফার ভবন- যেখানে তিনি রয়েছেন।

এমন হামলার মুখে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বেশকিছু গাড়ি। জানালা দিয়ে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন লুইস নামের এই ত্রাণকর্মী।

তিনি বলেন, রাফায় এমনকিছু মানুষ আছে যারা বেশিদূর যেতে অপারগ। কারণ তাদের অনেকেই বৃদ্ধ, আবার অনেকেই শিশু।

নিরাপদ বলতে জায়গা খুব কম। গাজায় অল্পকিছু অবকাঠামোই দাঁড়িয়ে আছে। এছাড়া গাজার আরও কোথাও নিরাপত্তার কোনও নিশ্চয়তা নেই, বলেন লুইস।

যুক্তরাষ্ট্রের রাফা নগরীতে ইসরায়েলের সামরিক অভিযান ঠেকাতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এরই মধ্যে প্রতিশ্রুত বোমার চালান ইসরায়েলে পাঠানো স্থগিত করে তাদেরকে বড় সতর্কবার্তা দিয়েছে।

ইসরায়েলের সেনারা স্থল অভিযানে গাজার ঘনবসতিপূর্ণ রাফা নগরীতে ঢুকলে যুক্তরাষ্ট্র তাদেরকে অস্ত্র ও গোলা সরবরাহ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।

তারপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকটি ব্যাটালিয়ন রাফায় সক্রিয় থাকার দাবি করে ইসরায়েল সব হুঁশিয়ারি উপেক্ষা করে সেখানে ট্যাংকবহর পাঠিয়েছে। 

রাফায় গাজার অন্যান্য অংশ থেকে এসে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

এর মধ্যেই বৃহস্পতিবার সকালে রাফা শহরে ভারি গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের নিশানায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারিকে ‘খুবই হতাশাজনক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান।

ওদিকে, রাফা থেকে জাতিসংঘ ত্রাণসংস্থা থেকে স্কট মরিসন বিবিসি-কে বলেছেন, লড়াই নগরীর কেন্দ্রস্থলের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

বুধবার রাতেও রাফায় অবিরাম গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এক প্রত্যক্ষদর্শী বিবিসি-কে বলেন, “তারা আমাদের ওপর  ( শিশু, নারী, বৃদ্ধ) গোলাবর্ষণ শুরু করেছে।”

প্রতি ১০ সেকেন্ড পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার আরেক প্রত্যক্ষদর্শী। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.