× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গেস্টাপো প্রশাসন চালাচ্ছেন জো বাইডেন : ট্রাম্প

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৬ মে ২০২৪, ১১:২১ এএম । আপডেটঃ ০৬ মে ২০২৪, ১১:২১ এএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসনকে নাৎসি প্রশাসনের সঙ্গে তুলনা করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন গেস্টাপো প্রশাসন পরিচালনা করছে। শনিবার দাতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নাৎসি আমলের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এক অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, তারা গেস্টাপো প্রশাসন চালাচ্ছে। নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এই রেকর্ডিংটি শুনেছে।

এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছে জানতে চাইলে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেইটস এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদী বক্তব্যের সঙ্গে সুর মেলানোর অভিযোগ আনেন।

তিনি বলেন, ট্রাম্প নব্য-নাৎসিদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন। আর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সমর্থন করছেন, যার কারণে সাহসী অনেক পুলিশ অফিসারকে প্রাণ দিতে হয়েছে। 

বেইটস বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের চারপাশে অ্যামেরিকান জনগণকে একত্রিত করছেন প্রেসিডেন্ট বাইডেন। এটা এমন এক পদ্ধতি যা গত ৫০ বছরের মধ্যে সহিংস অপরাধ সবচেয়ে বেশি কমিয়েছে।

অ্যাডভোকেসি গ্রুপ ‘জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্স’ নাৎসি তুলনার নিন্দা করেছে।

সংস্থার প্রধান নির্বাহী অ্যামি স্পিটালনিক রোববার বলেন, এরকম তুলনা সবসময়ই ভুল, আক্রমণাত্মক এবং নিন্দনীয়।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে বেশি কিছু বর্ণবাদী ও উত্তেজনা তৈরি করে এমন বক্তব্য রেখেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয় না পেলে সহিংসতা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। অভিবাসনপ্রত্যাশীদের তিনি প্রাণীর সঙ্গে তুলনা করেছেন।

গত বছর ট্রাম্প বলেছিলেন, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তারা আমাদের দেশের রক্তকে বিষাক্ত করে তুলছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.