ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে সদ্য চাকরি হারানো ‘যোগ্য প্রার্থীদের’ পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই চাকরি হারানো ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
আজ বেলা ১১টায় বর্ধমানের সাঁই কমপ্লেক্সে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গে নির্বাচনকে ছাপিয়ে এখন বড় আলোচনার বিষয় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা। গত ২৬ এপ্রিল চাকরি বাতিলের এ রায় দেন কলকাতার সুপ্রিম কোর্ট। চাকরি নিয়ে এই ব্যাপক দুর্নীতির কারণে উত্তাল হয়ে পড়ে রাজ্যের রাজনীতি। অভিযোগ আছে, লাখ লাখ টাকার বিনিময়ে এই চাকরি বিক্রি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও তৃণমূলের নেতারা। এরপর সিবিআইয়ের অভিযানে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাসভবন থেকে উদ্ধার হয় ৫০ কোটি রুপি। এখন পার্থসহ শিক্ষা দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা ও তৃণমূলের নেতা কারাগারে।
সাঁই কমপ্লেক্সের নির্বাচনী প্রচার সভায় মোদি বলেছেন, যেসব শিক্ষক যোগ্য এবং সৎভাবে চাকরি পেয়েছিলেন, হাইকোর্টের নির্দেশে তাঁদের চাকরি যাওয়ার পর এবার তাঁদের পাশে এসে দাঁড়াবে বিজেপি। বিজেপি বাংলায় একটি লিগ্যাল সেল গঠন করে সহায়তা দেবে। প্রশ্ন করেন, পরের পাপে কেন তাঁদের ফল ভোগ করতে হবে?
আজ নরেন্দ্র মোদি বলেন, ‘ঈশ্বররূপী মানুষের ভালোবাসা পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আরাম করার জন্য জন্মাইনি। ১৪০ কোটি ভারতবাসীর জনসেবার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছি দিনরাত। শুধু নিজের জন্য বাঁচতে চাইনি। আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। ১০ বছরে এই ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছি।’
নরেন্দ্র মোদি বলেন, ‘দেশ সবার জন্য এবং আত্মনির্ভর ভারত গড়া আমার স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আমি এগোতে চাই। আত্মনির্ভর ভারত গড়তে চাই। গরিবি হটাতে চাই। বিগত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। এবার আমার স্বপ্ন ভারতবাসীকে আত্মনির্ভর হিসেবে গড়ে তোলা।’
মোদি বর্ধমান পূর্ব আসনের বিজেপি প্রার্থী লোকসংগীতশিল্পী অসীম সরকার এবং বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী দিলীপ ঘোষের প্রচারের জন্য এ রাজ্যে আসেন। মোদি বলেন, ‘আমি ভয় পাই না। ভয় শব্দটি মোদির অভিধানে নেই। তৃণমূল-বাম দল বলছে মোদিকে গুলি করো, মোদির মাথায় লাঠি মারো।’
আজ দুপুরে মোদি নদীয়ার তেহট্টে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়ের নির্বাচনী সভায় যোগ দেন। সেখানে নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস তো এবার আসনসংখ্যায় হাফ সেঞ্চুরি পার করতে পারবে না আর তৃণমূল গোটা দেশে ১৫টির বেশি আসন পাবে না। কেন্দ্রের সরকার গড়বে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
নরেন্দ্র মোদি বলেন, ‘বাম দলের লাল পতাকা এখন আর দেখা যায় না। আগে এই বাংলায় বামদের সূর্য অস্ত যেত না। এখন সারা দেশে জোর চর্চা, মোদি কি ৪০০ আসন পার করতে পারবে?’
বর্ধমান ও নদীয়ার সভা শেষ করে বীরভূমের বোলপুরে শেষ সভা করার কথা রয়েছে আজ বিকেলে। বীরভূমের বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে হবে এই সভা।
বিষয় : লোকসভা নির্বাচন ভারত প্রধানমন্ত্রী
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
