× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোকসভা নির্বাচন: কম ভোট পড়েছে পশ্চিমবঙ্গের তিন আসনেই

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২০ এপ্রিল ২০২৪, ২১:৪৩ পিএম । আপডেটঃ ২০ এপ্রিল ২০২৪, ২১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

সাত দফা লোকসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। তবে এই তিন আসনেই ২০১৯ সালের চেয়ে এবার ভোট কম পড়েছে।

গতকাল শনিবার প্রকাশিত নির্বাচন কমিশনের তথ্য বলছে, এই তিন আসনে ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ, যা গতবারের তুলনায় আড়াই শতাংশের বেশি কম। খবর বিজনেস স্ট্যান্ডার্ড, এই সময় ও আনন্দবাজারের।  

কমিশন সূত্র জানায়, শুক্রবার কোচবিহারে ভোট পড়েছে ৮২.১৭ শতাংশ। ২০১৯ সালের ভোটে এই আসনে ভোটদানের হার ছিল ৮৪.২৫ শতাংশ। এবার এই আসনে বিদায়ী বিজেপি সংসদ সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়েছেন সিতাই বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার। কোচবিহারে লড়াইয়ে ছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশচন্দ্র রায়ও। কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পিয়া রায় চৌধুরী। 

আলিপুরদুয়ার কেন্দ্রে শুক্রবার ভোটদানের হার ছিল ৭৯.৭৬ শতাংশ। ২০১৯ সালে এই আসনে ভোট পড়েছিল ৮২.৬৯ শতাংশ। গতবার এই আসন থেকে জয় পেয়েছিল বিজেপি। তবে এবার বিজেপি আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে। সংসদ সদস্য তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার জায়গায় ২০২৪ সালের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গাকে। প্রকাশ চিক বরাইককে টিকিট দিয়েছিল তৃণমূল।

পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে। গত বারও এই তিন আসনের মধ্যে শীর্ষে ছিল এই কেন্দ্র। এবার এখানে ভোট পড়েছে ৮৩.৬৬ শতাংশ। ২০১৯ সালে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮৬.৬৯ শতাংশ। জলপাইগুড়ি কেন্দ্রে এবার বিদায়ী সংসদ সদস্য জয়ন্তকুমার রায়কেই প্রার্থী করে বিজেপি। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়েছেন এই ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মলচন্দ্র রায়।

এদিকে বিচ্ছিন্ন কিছু সহিংসতা হলেও ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে কমিশন। কোচবিহারে ভোটের আগে নিয়মিতভাবে উত্তাপ ছড়ায়। সে কারণে বাড়তি নজর ছিল কমিশনের।  

এদিকে বিশেষ অঞ্চলের মর্যাদা হারানোর পর প্রথম সংসদীয় নির্বাচনে ভোট দিয়েছে মুসলিমপ্রধান জম্মু-কাশ্মীরের নাগরিকরা। বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৬৮.২৭ শতাংশ। এখানকার উধমপুরে ১২ জন প্রার্থী ভোটের মাঠে লড়েছেন। এই আসনে তৃতীয় মেয়াদে জয়ী হতে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। অন্যদিকে, কংগ্রেস নেতা ও সাবেক সংসদ সদস্য চৌধুরী লাল সিং ছাড়া স্বতন্ত্র রয়েছেন আরও ছয়জন। 

এদিকে, আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ১৩টি রাজ্যের ৮৯ সংসদীয় আসনে। এর মধ্যে রয়েছে– আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.