রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলা হয়।
গত কয়েকদিন ধরে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ফের হামলা চালানো শুরু করেছে রুশ বাহিনী।
বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রে কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ট্রায়পিলসকা থার্মাল পাওয়ার প্ল্যান্টটি (টিপিপি) ধ্বংস হয়ে যায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন লাগে।
তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কেন্দ্রটি থেকে কিয়েভসহ অন্যান্য যেসব অঞ্চলে বিদ্যুৎ যেত সেসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সেন্ট্রেনার্গোর অধীনে ছিল এ বিদ্যুৎ কেন্দ্রটি। তারা এক বিবৃতিতে কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছে।