× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরিয়াতে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলা, নিহত ৮

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ এপ্রিল ২০২৪, ২১:১৯ পিএম । আপডেটঃ ০১ এপ্রিল ২০২৪, ২১:২০ পিএম

ছবি: সংগৃহীত

সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ ৮জন নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে এই হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিমান অধিকৃত গোলান মালভূমি থেকে কনস্যুলেট ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। কিন্তু অন্য আরও ক্ষেপণাস্ত্র কনস্যুলেটে আঘাত হেনে গোটা ভবনই ধসিয়ে দিয়েছে এবং ভেতরে থাকা প্রত্যেকেই হতাহত হয়েছে।

ধ্বংসস্তুপের ভেতর থেকে মৃতদেহ এবং আহতদের উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে রেজা জাহিদি ছাড়া হতাহতদের অন্যদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানায়নি তারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন কূটনীতিক আছেন।

তবে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দখলদার ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন। তবে হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনস্যুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছে ইরানি বার্তাসংস্থা নূর নিউজ।

যদিও হামলার পর সিরিয়ার বার্তাসংস্থা সানা নিউজ জানিয়েছিল, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো একটি ক্ষেপণাস্ত্র কনস্যুলেটের এনেক্স ভবনে আঘাত হানতে সমর্থ হয়।

গত সপ্তাহে সিরিয়ার আরেকটি বড় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ৫৩ জন নিহত হন। যার মধ্যে ৩৮ সিরীয় সেনা এবং হিজবুল্লাহর ৭ যোদ্ধা ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.