ইউরোপ যুদ্ধ-পূর্ব অবস্থায় রয়েছে মন্তব্য করে পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক বলেন, ‘ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়।
পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি।
শুক্রবার ইউরোপীয় মিডিয়া গ্রুপ লেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টু্স্ক ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর পর ইউরোপের পরিস্থিত নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘যেকোনো কিছুই ঘটতে পারে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছে তখন ইউরোপ যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে।’
পোলিশ এই রাজনীতিবিদ আরও বলেন, ‘ইউরোপে সংঘাতের একটি সত্যিকারের হুমকি রয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহাদেশ প্রথমবারের মতো যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে।
যুদ্ধ অতীতের কোনো বিষয় নয়। এটি এখন বাস্তব এবং এটি দুই বছর আগে শুরু হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যেকোনো কিছুই ঘটতে পারে। ১৯৪৫ সালের পর থেকে আমরা এ ধরনের পরিস্থিত দেখিনি।’
তিনি বলেন, ‘আমি জানি এটি খুব ভয়ানক শোনাচ্ছে, বিশেষ করে তরুণদের কাছে। কিন্তু আমাদের এই বাস্তবতার সাথে অভ্যস্ত হতে হবে যে একটি নতুন যুগ শুরু হয়েছে- যুদ্ধ পূর্ববর্তী যুগ। আমি বাড়িয়ে বলছি না, প্রতিদিন বিষয়টি পরিষ্কার হচ্ছে।’
ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক এই প্রেসিডেন্ট এমন সময়ে তার আশঙ্কার কথা জানালেন যখন ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর সময় অতিবাহিত হলো। রাশিয়া হামলা শুরুর পর ইউরোপর অনেক দেশই নিজদের অস্ত্র উৎপাদন বাড়াতে শুরু করেছে।
পোলিশ প্রধানমন্ত্রীর বলেন, ‘ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘একটি শক্তিশালী জোট হিসেবে ইইউকে মানসিকভাবে নিজেদের সীমান্ত এবং নিরাপত্তার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে।’