× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪৫

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৮ মার্চ ২০২৪, ২১:৪৩ পিএম । আপডেটঃ ২৮ মার্চ ২০২৪, ২১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে প্রায় ১৬৫ ফুট নিচে খাদে পড়ে গিয়ে মুর্হূতের মধ্যে আগুন ধরে চালকসহ ৪৫ যাত্রীই নিহত হয়েছেন। তবে গুরুতর আহত অবস্থায় বেঁচে ফেরে ৮ বছর বয়সী একটি শিশু। কন্যা শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রেলিংয়ে ধাক্কা খেয়ে সেতু থেকে নিচে পড়ে যায়। এরপর খাদে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ‍উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে ইস্টার সানডের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। এমমা মাতলাকালা পর্বত গিরিপথে সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে আপনাদের প্রতি আমাদের প্রার্থনা রয়েছে। সিন্দিসিওয়ে চিকুঙ্গা বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করবে।

তিনি আরও বলেন, আমরা সব সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে বলছি। বিশেষ করে ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহের শেষ দিনগুলোতে সড়কে বেশি যানবাহন থাকায় দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করে যাচ্ছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.