ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি রোববার এ তথ্য জানিয়েছে। তারা বলছে, হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মীরা আটকা পড়েছেন।
টানা কয়েক দিন ধরে গাজার প্রধান হাসপাতাল আল-শিফাতে চলমান সংঘর্ষে ৪৮০ যোদ্ধাকে বন্দি করার পর এই দুটি হাসপাতাল অবরোধ করল ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, গাজার হাসপাতালগুলোকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস গোষ্ঠী। তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, খান ইউনিসে তুমুল সংঘর্ষের মধ্যে আল-আমাল ও নাসের হাসপাতালে ইসরায়েলি ট্যাংক হুট করে প্রবেশের ফলে তাদের এক কর্মী নিহত হয়েছেন। তারা বলছে, ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালাচ্ছে। এমনকি হাসপাতালটি সম্পূর্ণ খালি করার হুমকি দিচ্ছে তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা আল-শিফা হাসপাতাল থেকে কয়েক ডজন রোগী ও চিকিৎসাকর্মীকে আটক করেছে ইসরায়েল।