রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী ভ্লাদিমির পুতিনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে সংলাপ ও কূটনীতি এগিয়ে নেওয়ার ওপর জোরারোপ করেছেন। বুধবার এ ফোনালাপে মোদি রুশ জনগণের শান্তি, অগ্রগতি ও উন্নয়ন কামনা করেন। খবর: আলজাজিরা
রুশ প্রেসিডেন্টকে ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মোদিই। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা সম্পর্ক জোরদার করতে এবং একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
সোমবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পান পুতিন। পশ্চিমা দেশগুলো নির্বাচনকে ‘অগণতান্ত্রিক’ বলে বর্ণনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ভয়ভীতি প্রদর্শন ও দমনপীড়নের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।