রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে ১৭ মার্চ পর্যন্ত। নির্বাচনের প্রথম দিন ভোটকেন্দ্রগুলোয় বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাশিয়াজুড়ে অন্তত তিনটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছেন রাশিয়ানরা। রুশ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে ভোটকেন্দ্রগুলোয় যেসব বিশৃঙ্খল কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো ব্যালট বাক্সে সবুজ রং ঢেলে দেওয়া, ব্যালট বাক্সে আগুন লাগানো ও ভোটকেন্দ্রের ভেতর আতশবাজি পোড়ানো।
নির্বাচনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে জয়ী হয়ে আরও ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করছেন, তা অনেকটাই নিশ্চিত। কারণ, তাঁর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে গতকাল বিকেল নাগাদ ২৩ শতাংশ ভোট পড়েছে।
বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বেশির ভাগ বিশৃঙ্খল ঘটনা ঘটেছে মস্কো, ভরোনেজ, উত্তর ককেশাসের কারাচায়-চেরকেসিয়া অঞ্চলে।
রাশিয়াজুড়ে এমন ছয়টি ঘটনার ফুটেজের সত্যতা যাচাই করতে পেরেছে বিবিসি ভেরিফাই। একটি ভিডিওতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গে একটি ভোটকেন্দ্রে পেট্রলবোমা ছুড়ছেন এক নারী।
এ ছাড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বাক্সের ভেতর রং ঢেলে দেওয়া হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, মস্কোয় এক নারী একটি ব্যালট বাক্সে উজ্জ্বল সবুজ রঙের তরল ঢালছেন। আরেক ভিডিওতে দেখা গেছে, একটি ভোটকেন্দ্রের বুথে আগুন ছড়িয়ে পড়েছে।