আবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা শহরের কুয়েত গোলচত্বরে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় আহত হয়েছে প্রায় ৮৩ জন। ওয়াফার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সংস্থাটি জানিয়েছে, হামলায় আহতদের চিকিৎসার জন্য শহরের আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী কুয়েত গোলচত্বরে তাদের আক্রমণ বাড়িয়েছে। এই এলাকায় সাধারণত ত্রাণ বিতরণ করা হয় এবং ফিলিস্তিনিরা সাহায্যকারী ট্রাকের জন্য দলবদ্ধ হয়ে অপেক্ষা করে।
এর আগেও সোমবার রাতে, ইসরায়েলি বাহিনী গোলচত্বরে খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে।
অন্যদিকে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থা ইউএনআরডব্লিউএ এর একটি খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সংস্থাটির একজন কর্মী নিহত এবং ২২ জন আহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইউএনআরডব্লিউএ।
স্থানীয় সময় বুধবার এই হামলা চালানো হয় বলে জানায় সংস্থাটি। ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পি লাজারিনি বলেছেন, তাঁদের বিভিন্ন স্থাপনার ওপর হামলার মাধ্যমে ‘আন্তর্জাতিক মানবিক আইনের উপেক্ষা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
যদিও ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা ‘সীমিত হামলা চালিয়ে’ হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। দেশটির বাহিনী জানিয়েছে, ওই কমান্ডারের নাম মোহাম্মেদ আবু হাসনা। তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী দলের একজন সদস্য।