সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চতুর্থবারের মতো শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন । তাঁর নাম প্রস্তাব করেছেন মার্কিন আইনপ্রণেতা ক্লডিয়া টেনি। ইসরাইলের সঙ্গে আরবের কয়েকটি দেশের সম্পর্কোন্নয়ন চুক্তি ও ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁর নাম প্রস্তাব করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নের জন্য চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে মনোনীত করা হয়েছে। ট্রাম্পের দলেরই এক আইনপ্রণেতা তার নাম প্রস্তাব করেছিলেন।
এক বিবৃতিতে নিউ ইয়র্কের প্রতিনিধি ক্লডিয়া টেনি বলেন, ট্রাম্প সবশেষ ৩০ বছরের মধ্যে প্রথম মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেন। বাইডেনের দুর্বল নেতৃত্বের জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। তাই ট্রাম্পকে তাঁর শক্তিশালী নেতৃত্ব ও বিশ্ব শান্তি বজায় রাখার চেষ্টার স্বীকৃতি দেওয়া জরুরি।
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হয়। এতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ট্রাম্প। প্রথমবার আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে ভূমিকা রাখায় নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গেড্ডে ট্রাম্পের নাম প্রস্তাব করেন। দ্বিতীয়বার উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন প্রচেষ্টার জন্য ট্রাম্পকে পুরস্কৃত করার প্রস্তাব দেওয়া হয়। ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেন ফিনল্যান্ডের ডানপন্থী সংসদ সদস্য লরা হুহতাসারি।