× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনের হাত ধরে মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক:

২৬ নভেম্বর ২০২৬, ০০:৩৪ এএম । আপডেটঃ ২৬ নভেম্বর ২০২৬, ০০:৩৭ এএম

বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে শেনঝৌ-২৪ যানের সফল উৎক্ষেপণ। ছবি: সংগৃহীত

চীনের ‘শেনঝৌ-২৪’ মহাকাশ অভিযানের অংশ হিসেবে প্রথমবারের মতো মহাকাশে পাড়ি জমিয়েছেন একজন পাকিস্তানি নভোচারী। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুই চীনা নভোচারীর সঙ্গে পেলোড বিশেষজ্ঞ হিসেবে রওনা হন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী, যাঁরা প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে চীনের নিজস্ব ‘তিয়াংগং’ মহাকাশ স্টেশনে পৌঁছান।

২০২৫ সালে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত মহাকাশ সহযোগিতা চুক্তির আওতায় এই ঐতিহাসিক যাত্রা সম্ভব হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সাবেক পাইলট জিশান আলীর সঙ্গে রয়েছেন দুই চীনা নভোচারী তাঙ হঙবো ও উ ই।

অভিযান শুরুর আগে এক সংবাদ সম্মেলনে জিশান আলী বলেন, ‘চীনা নভোচারীর দলে জায়গা পেয়ে আমি গর্বিত। পাকিস্তানের ২৫ কোটি মানুষের প্রত্যাশাকে সঙ্গে নিয়েই আমি মহাকাশ অভিযানে যাচ্ছি।’

পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এই অর্জনকে দেশের জন্য ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এই মহাকাশ অভিযানের মধ্য দিয়ে বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার মহান বন্ধুত্ব আবারও প্রকাশ পেয়েছে।’

তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে নভোচারীরা মহাকাশের পরিবেশ, জীববিজ্ঞান ও মহাকাশ চিকিৎসাসহ নানা বিষয়ে গবেষণা চালাবেন। বিশেষ করে মহাকাশের পরিবেশ মানুষের রক্তনালির বার্ধক্য প্রক্রিয়াকে কীভাবে প্রভাবিত করে, তা খতিয়ে দেখা হবে।

পাকিস্তানি নভোচারী জিশান আলী ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা করবেন। প্রায় এক সপ্তাহের সংক্ষিপ্ত মিশন শেষে তিনি পৃথিবীতে ফিরে আসবেন, তবে দুই চীনা নভোচারী তাঙ ও উ ছয় মাস তিয়াংগং স্টেশনে থাকবেন। সেখানে তাঁদের সঙ্গে যোগ দেবেন শেনঝৌ-২৩ অভিযানে যাওয়া নভোচারী ঝু ইয়াংঝু, যিনি দীর্ঘ সময় মহাকাশে মানবদেহের অভিযোজন নিয়ে গবেষণা করছেন।

চূড়ান্ত নির্বাচনের আগে পাকিস্তানের দুই প্রার্থী জিশান আলী ও খুররাম দাউদ চীনে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে চূড়ান্ত ক্রু তালিকায় জিশান আলীকেই বেছে নেয় চীন।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে কেবল দুটি মহাকাশ স্টেশন সচল রয়েছে—নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এবং ২০২২ সাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু থাকা চীনের ‘তিয়াংগং’। এ পর্যন্ত ৫০টি দেশের নাগরিক মহাকাশে গেলেও কেবল যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াই নিজস্ব মহাকাশযানে মানুষ পাঠাতে সক্ষম হয়েছে, ফলে নিজস্ব মহাকাশযান না থাকায় পাকিস্তান পুরোপুরি চীনের প্রযুক্তির ওপর নির্ভর করেছে।

২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী অবতরণের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগোচ্ছে চীন, যারা ২০২৪ সালে চাঁদের দূরবর্তী পৃষ্ঠে মনুষ্যবিহীন যান পাঠিয়েছিল। বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে আইএসএস অবসরে যাওয়ার কথা থাকায় কক্ষপথে চীনের প্রভাব আরও বাড়বে এবং পাকিস্তানের এই অংশগ্রহণ বেইজিংয়ের বিকল্প মহাকাশ কূটনীতিকে নতুন গতি দেবে।


তথ্যসূত্র: বিবিসি 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.