ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বাংলাদেশে ঠেলে পাঠানো সাহিদা ফকির সাতক্ষীরা থেকে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলছেন। ২ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
ভারতে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে, যার মধ্যে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, নয়াদিল্লি মুসলিম নাগরিকদের ভোটাধিকার হরণ করে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং অবৈধভাবে দেশ থেকে বের করে দিচ্ছে।
ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এটিই সবচেয়ে বড় ঘটনা, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। ইউএসসিআইআরএফ-এর তথ্যমতে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটি বর্তমানে অবৈধ অভিবাসী শনাক্তকরণ অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে, যদিও তালিকা থেকে নাম বাদ পড়া কারও বিদেশি নাগরিকত্ব প্রমাণ করে না।
ইউএসসিআইআরএফ-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, "ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকেও বের করে দিচ্ছে।"
কমিশনের অপর সদস্য জিন মিলস এই পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাঁদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ভয়াবহ এক মাত্রা যোগ করেছে।"
ভুক্তভোগীদের একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা সাহিদা ফকির অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার পর সীমান্তরক্ষীরা তাঁকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থান করছেন।
এদিকে, তালিকা সংশোধনের নামে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও ছাত্রসংগঠনগুলোর দাবি, যাঁদের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দেওয়ার সম্ভাবনা কম, তাঁরাই এই প্রক্রিয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিক্ষোভকারীরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছেন।
তবে বৈষম্য ও অনিয়মের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের নির্বাচন কমিশন ও সরকার। নির্বাচন কমিশনের ভাষ্য, ভোটার তালিকা থেকে কেবল মৃত ব্যক্তি, স্থানান্তরিত নাগরিক, একই ব্যক্তির একাধিক নাম এবং অযোগ্যদের নামই বাদ দেওয়া হচ্ছে, ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিল করার সুযোগ রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই ইউএসসিআইআরএফ-কে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। সরকারের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়নসহ রাষ্ট্রীয় সব কর্মসূচির সুফল দেশের সব সম্প্রদায়ের মানুষই সমানভাবে পাচ্ছেন। এ বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বক্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি।
মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বৈষম্য বেড়েছে। জাতিসংঘ ইতোমধ্যে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই দ্বিদলীয় কমিশনের সুপারিশ মানা ওয়াশিংটনের জন্য বাধ্যতামূলক নয়, গত মাসেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
