চীনের শেনঝেনে এপেক সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
বিশ্ববাজারে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহ বৃদ্ধি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক যৌথ ‘শান্তি ঘোষণায়’ জানানো হয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুবিধার কথা বিবেচনা করেই জ্বালানি সরবরাহ বাড়ানোর এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে তিন শীর্ষ নেতা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্ব পুনর্ব্যক্ত করার পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর বিষয়েও একমত হন। যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়, পারমাণবিক যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়; বরং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন পরাশক্তি আলোচনা অব্যাহত রাখবে।
ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের জেরে বিশ্বজুড়ে যখন চরম ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে তিন প্রভাবশালী নেতার এই বৈঠক বিশ্বরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মূল ত্রিপক্ষীয় বৈঠকের আগে নেতাদের মধ্যে আলাদা দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনের পর ট্রাম্প ও পুতিন বৈঠক করেন এবং এর আগে পুতিন ও সি দুই ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন। ওই আলোচনা শেষে রুশ প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘ভালো বন্ধু’ আখ্যা দিয়ে বৈঠকটিকে অত্যন্ত “ফলপ্রসূ” বলে বর্ণনা করেন।
এর আগে গতকাল বুধবার শেনঝেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যা তাঁর শাসনামলে এক বিরল ঘটনা। এ প্রসঙ্গে সি বলেন, “গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। সেই সৌজন্যের জবাব দিতেই তিনি বিমানবন্দরে গিয়েছেন।”
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সংঘাত ও জ্বালানি সংকটের এই সন্ধিক্ষণে ওয়াশিংটন, বেইজিং ও মস্কোর এই শীর্ষ বৈঠক এবং যৌথ ঘোষণা আগামী দিনগুলোতে বিশ্ববাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে এবং বৈশ্বিক কূটনৈতিক উত্তেজনা প্রশমনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
