× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র

সিএনএন

০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৪ পিএম । আপডেটঃ ০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৬ পিএম

২০১৪ সালের ৮ মার্চ নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একাংশ। ছবি: এএফপি

গত ছয় দশক ধরে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের বিষয়টি সচেতনভাবে গোপন রেখে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ১৯৬০-এর দশকের শুরুতে নেগেভ মরুভূমিতে গোপন ডিমোনা পারমাণবিক স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে শুরু হওয়া এই কৌশলী অস্পষ্টতা নীতিতে এখন ফাটল ধরতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র ভূরাজনৈতিক বিতর্ক।

১৯৬০ সালের শুরুর দিকে মার্কিন কূটনীতিকেরা নেগেভ মরুভূমিতে সন্দেহজনক নির্মাণকাজ দেখতে পান। সে সময় ইসরায়েলি কর্মকর্তা আডি কোহেন মার্কিন প্রতিনিধিদলকে বিভ্রান্ত করতে এটিকে একটি ‘বস্ত্র কারখানা’ হিসেবে অভিহিত করেছিলেন।

পরবর্তীতে মার্কিন গোয়েন্দারা স্থাপনাটির প্রকৃত রূপ উন্মোচন করলেও ঠান্ডা যুদ্ধের ভূরাজনৈতিক সমীকরণে ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে এই পারমাণবিক সত্যকে ধামাচাপা দেওয়ার নীতি গ্রহণ করে। হেনরি কিসিঞ্জার ও রিচার্ড নিক্সনের আমল থেকে শুরু হওয়া এই অস্পষ্টতার মূল উদ্দেশ্য ছিল আরব বিশ্ব ও সোভিয়েত ইউনিয়নকে নতুন পারমাণবিক প্রতিযোগিতায় উসকে দেওয়া থেকে বিরত রাখা।

তবে দীর্ঘদিনের এই গোপনীয়তা রক্ষায় সম্প্রতি বড় ধরনের ধাক্কা লেগেছে। গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, এ বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে; কারণ হিসেবে তিনি বলেন, ‘তাদের এখন আর এ সহায়তার প্রয়োজন নেই।’

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য হোয়াকিন কাস্ত্রো সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো অত্যন্ত বিপজ্জনক। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, "ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো খুব বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ হয়েছে। কারণ, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের 'সীমারেখা' (রেড লাইন) কোথায়, তা যুক্তরাষ্ট্র জানে না।"

বিশ্লেষকদের মতে, ১৯৮৬ সালে প্রযুক্তিবিদ মরদখাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ছবি ও তথ্য ফাঁস করার পর থেকেই এই গোপনীয়তা আন্তর্জাতিক মহলে ওপেন সিক্রেটে পরিণত হয়। সাম্প্রতিক বছরগুলোতে হিব্রু ভাষার প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাটম অ্যান্ড মি’ এবং বিভিন্ন কূটনৈতিক নথিপত্র থেকেও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

ইসরায়েল যদি আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়, তবে তা পুরো মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানের হুংকার এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৈশ্বিক কূটনীত ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এই দীর্ঘদিনের লুকোচুরি নীতি এখন ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.