ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটিতে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে নিয়মিত মহড়ার সময় মাঝআকাশে দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। গত শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টা ৫১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করা হলেও নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ফিলিপাইন বিমানবাহিনীর (পিএএফ) দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজ দুটি এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান ছিল। নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ঠিক ভেতরেই বিমান দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। আকস্মিক এই সংঘর্ষের ফলে নিয়ন্ত্রন হারিয়ে বিমানগুলো দ্রুতবেগে মাটিতে আছড়ে পড়ে এবং মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন জে ক্যাপিঙ্গুইয়ান গণমাধ্যমকে বলেন, "২০২৬ সালের ২৩ অক্টোবর বেলা ৩টা ৫১ মিনিটে ফার্নান্দো বিমানঘাঁটিতে প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি এসএফ-২৬০ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। এতে চার পাইলটের মৃত্যু হয়েছে এবং এই অপূরণীয় ক্ষতিতে পুরো ফিলিপাইন বিমানবাহিনী গভীরভবে শোকাহত।"
তবে উড়োজাহাজ দুটিতে নির্দিষ্টভাবে কতজন ক্রু বা প্রশিক্ষণার্থী ছিলেন, সে বিষয়ে বিমানবাহিনী এখনো বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে মাঝআকাশে কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটল, তা উদঘাটনে ইতিমধ্যে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারিগরি ত্রুটি নাকি মানবভুল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে সামরিক মহড়াকালে বিমান নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে।
লেখা: ইনডিপেনডেন্ট