× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাঙ্গা সামলাতে ব্যর্থ ম্যাক্রঁ: ফ্রান্সে কট্টর ডানপন্থীদের উত্থানের শঙ্কা

নিউইয়র্ক টাইমস

২০ অক্টোবর ২০২৬, ২০:০৪ পিএম । আপডেটঃ ২০ অক্টোবর ২০২৬, ২০:০৯ পিএম

ফ্রান্সে সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও দাঙ্গার প্রেক্ষাপটে রাজনৈতিক সংকটের মুখে থাকা দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফাইল ছবি: এএফপি

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং রাষ্ট্রীয় অব্যবস্থাপনার জেরে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র আন্দোলন ও নজিরবিহীন দাঙ্গা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। প্রায় এক দশকের শাসনামলে অর্থনৈতিক স্থবিরতা ও সামাজিক বৈষম্য দূর করতে না পারায় তাঁর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, যা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী শক্তিগুলোর ক্ষমতায় আসার পথ প্রশস্ত করছে। গত রোববার (১৯ অক্টোবর) ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রখ্যাত সাংবাদিক ক্যাটরিন বেনহোল্ডের এক বিশ্লেষণী প্রতিবেদনে ফরাসি রাজনীতির এই গভীর সংকট ও পরিবর্তনের চিত্র উঠে এসেছে।

২০১৭ সালে পরিবর্তনের স্লোগান ও ‘বিপ্লব’ নামের প্রতিশ্রুতি নিয়ে যখন এমানুয়েল মাখোঁ ক্ষমতায় এসেছিলেন, তখন তাঁর মূল লক্ষ্য ছিল কট্টর ডানপন্থী মেরিন লো পেনের রাজনীতিকে প্রতিহত করা। কিন্তু চলতি সপ্তাহে শিক্ষাখাতে বরাদ্দ কমানো ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ রাজপথে নেমে আসার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রের বাইরে চলে যায়। বিক্ষোভ দ্রুত সহিংস দাঙ্গায় রূপ নেয় এবং দেশের বিভিন্ন শহরে অন্তত তিন হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বিশ্লেষকদের মতে, দেশ যখন গভীর সংকটে আবর্তিত, তখন মাখোঁর ফরাসি উপকূলের যুদ্ধজাহাজে সময় কাটানোর মতো উদাসীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাঁর মুক্তবাজারপন্থী অর্থনৈতিক নীতি ও করছাড়ের ফলে একদিকে যেমন উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসেনি, অন্যদিকে দেশের সরকারি ঋণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। ফলে আগামী বছর ফরাসি নাগরিকদের কেবল ঋণের সুদ পরিশোধেই শিক্ষা ও প্রতিরক্ষা খাতের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হতে পারে, যা সাধারণ মানুষের মাঝে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।

মাখোঁর এই প্রশাসনিক ব্যর্থতার সুযোগ নিয়ে উগ্র ডানপন্থী নেত্রী মেরিন লো পেনের দল ‘ন্যাশনাল র‍্যালি’ ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে। দলের সভাপতি জর্ডান বারদেলা দেশটিতে শৃঙ্খলা ফেরানোর ডাক দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। ভিডিও বার্তায় লো পেনের আত্মবিশ্বাসী উপস্থিতি ফরাসি রাজনৈতিক অঙ্গনে তাঁর ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকার স্পষ্ট বার্তা দিচ্ছে।

একসময় বারাক ওবামার আদলে তারুণ্য ও আশার প্রতীক হিসেবে ফ্রান্সে আবির্ভূত হলেও মাখোঁ আজ সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক অভিজাত নেতা হিসেবে চিহ্নিত হচ্ছেন। আগামী নির্বাচনে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এবং কে পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তার ওপরই নির্ভর করছে ফরাসি ইতিহাস এমানুয়েল মাখোঁকে কীভাবে স্মরণ করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.