× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

১০ অক্টোবর ২০২৬, ০২:০৭ এএম । আপডেটঃ ১০ অক্টোবর ২০২৬, ০২:০৮ এএম

শান্তিতে নোবেলজয়ী আন্তর্জাতিক বিচারক ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাইকমিশনার নাভি পিল্লাই। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সংঘাত, নির্বিচার হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকান প্রখ্যাত বিচারক ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব নাভি পিল্লাই।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের ওসলোভিত্তিক নোবেল কমিটি বিশ্বের ২৮৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্য থেকে ২০২৬ সালের শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে ৮৫ বছর বয়সী এই প্রবীণ মানবাধিকার যোদ্ধার নাম ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের আইনি লড়াই থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক শীর্ষ পদ—প্রতিটি ধাপে আন্তর্জাতিক আইন সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে তিনি সাহসী ভূমিকার স্বাক্ষর রেখেছেন।

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে নাভানেথেম ‘নাভি’ পিল্লাই এক প্রতিবাদী ও আপসহীন নাম। বিশেষ করে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিন-বিষয়ক কমিশনের প্রধান হিসেবে তাঁর নেতৃত্বাধীন স্বাধীন তদন্ত কমিশন ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক ঐতিহাসিক প্রতিবেদনে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে। এ ছাড়া ২০০৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রথম বিচারক প্যানেলের সদস্য এবং ২০০৮ সালে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশ্বনেতা ও রাষ্ট্রসমূহকে জবাবদিহির মুখোমুখি দাঁড় করিয়েছিলেন।

পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, "বর্তমান বিশ্বে সংঘাতের সমাধান ক্রমেই কূটনীতি, আন্তর্জাতিক চুক্তি ও আইনি ব্যবস্থার মাধ্যমে অর্জিত হচ্ছে; কোনো হুমকি, সহিংসতা বা যুদ্ধের মাধ্যমে নয়। এই বৈশ্বিক বাস্তবতায় নাভি পিল্লাই আন্তর্জাতিক আইনি নীতির অন্যতম মহান রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সংঘাতের শিকার নিগৃহীত ও নিপীড়িত মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছেন।"

১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণকারী নাভি পিল্লাই ১৯৬৭ সালে নাটাল প্রদেশের প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে নিজস্ব আইনি চেম্বার প্রতিষ্ঠা করেন। তৎকালীন বর্ণবাদী শাসনের চরম নির্মমতার মধ্যেও তিনি রাজবন্দী ও বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের পক্ষে আদালতে অকুতোভয় লড়াই চালিয়ে যান। মানবাধিকার রক্ষায় অবিচল অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে সিডনি শান্তি পুরস্কার এবং চলতি বছর জন ডুগার্ডের সঙ্গে যৌথভাবে সুইডেনের সম্মানজনক 'ওলোফ পালমে' পুরস্কারে ভূষিত হন।

চলমান বৈশ্বিক ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক পরাশক্তিগুলোর তীব্র সামরিক উত্তেজনার মাঝে নাভি পিল্লাইকে প্রদত্ত এ স্বীকৃতি বিশ্বশান্তি ও আন্তর্জাতিক আইনের সার্বভৌমত্ব পুনর্দখলের বার্তা প্রদান করে। আগামী ১০ ডিসেম্বর ওসলো সিটি হলে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাঁর হাতে বিশ্বশান্তির এই সর্বোচ্চ পদক তুলে দেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.