× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের শীর্ষ নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪ পিএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৩ পিএম

নিউইয়র্ক টাইমসের প্রয়াত প্রকৌশল পরিচালক জোনাথন ম্যাককিনসি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য নিউইয়র্ক টাইমস'-এর প্রকৌশল বিভাগের শীর্ষ কর্মকর্তা জোনাথন ম্যাককিনসিকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে ক্যালিফোর্নিয়ার ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত জোনাথনের ৭৭ বছর বয়সী শ্বশুর শৌইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনকে ঘটনাস্থলের নিকটস্থ এলাকা থেকেই গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, নিহত জোনাথন ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের 'গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স' বিভাগের প্রকৌশল শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন এলাকার একটি গাড়ি পার্কিং এলাকা থেকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। আকস্মিক ও নৃশংস এই হত্যাকাণ্ডের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে শোক প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষ।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন বৃদ্ধ দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ কর্মকর্তা। প্রাথমিক তদন্ত ও আদালতের নথি সূত্রে জানা গেছে, নিহত জোনাথনের সঙ্গে তাঁর স্ত্রী ক্যান্ডিস ঝাংয়ের দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে, যার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে নির্ধারিত ছিল। এই পারিবারিক বিরোধ ও বিবাহবিচ্ছেদের জের ধরেই মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির তিন সন্তান রয়েছে।

ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শী আসাদ রাজাওয়ি বলেন, "হঠাৎ পরপর কয়েকটি গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকটি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাচ্ছে। তাঁর মাথা ও বুকে গুরুতর গুলির ক্ষত ছিল।" আসাদের মেয়ে জানান, তাঁর বাবা ঘাতক দম্পতিকে খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে এসে গুলি চালাতে এবং ঘটনার পর স্বাভাবিকভাবেই হেঁটে চলে যেতে দেখেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃত শৌইয়ং ঝাং ও শিলি চেনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি (সর্বোচ্চ মাত্রার) হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, মারাত্মক অবহেলার মাধ্যমে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশু নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এনেছে। বর্তমানে তাঁদের ক্যালিফোর্নিয়ার সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে এবং আগামী বুধবার আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.