২০২৬ সালের ২ মার্চ ইরানের মিনাবে মার্কিন হামলায় নিহত শিক্ষার্থীদের দাফনের জন্য সারি সারি কবর খোঁড়া হচ্ছে। ছবি: রয়টার্স
গত ফেব্রুয়ারিতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয় ও ক্রীড়া স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো প্রাণঘাতী সামরিক হামলাকে ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে অভিহিত করেছে জাতিসংঘের একটি নিরপেক্ষ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপনের উদ্দেশ্যে প্রকাশিত নতুন এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী সেখানে ‘নির্বিচার হামলা’ চালিয়ে আন্তর্জাতিক মানবিক আইন চরমভাবে লঙ্ঘন করেছে এবং ব্যাপক বেসামরিক জীবনহানি ঘটিয়েছে।
জাতিসংঘের স্বতন্ত্র তদন্তকারীরা জানান, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণ মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী জড়িত থাকার যুক্তিসংগত ভিত্তি পাওয়া গেছে। হামলায় ১৭৫ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে প্রায় ১২০ জনই ছিল কোমলমতি শিশু। স্কুলটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা ছিল উল্লেখ করে প্রতিবেদনে স্পষ্ট করা হয়, সেটি সামরিক কাজে ব্যবহৃত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছিল মূলতঃ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির পুরোনো ও অপরীক্ষিত তথ্য ব্যবহার করে বিদ্যালয় ভবনটির পার্শ্ববর্তী সামরিক ঘাঁটিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হামলার সময়। জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডারের উপস্থিতি সংক্রান্ত ভুল গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে চরম ব্যর্থতার কারণে শিশুরা ভর্তি স্কুলে এ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরবর্তীতে স্বাধীন তদন্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে যুক্তরাষ্ট্র নিজের ভুল স্বীকার করতে বাধ্য হয়, যা বিশ্ব সামরিক ইতিহাসে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক ভুল হিসেবে নথিবদ্ধ হয়েছে।
এর পাশাপাশি লামার্দ শহরের একটি ক্রীড়া কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অপর এক হামলায় পার্শ্ববর্তী বিদ্যালয় ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ২২ জন বেসামরিক মানুষ হতাহত হন। দুটি ঘটনাকেই আন্তর্জাতিক আইনের আওতায় স্পষ্ট 'নির্বিচার হামলা' এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক বাধ্যবাধকতার চরম বরখেলাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
জাতিসংঘের এই ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশের পর মধ্যপ্রাচ্যে চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে তীব্র কূটনৈতিক ও আইনি জবাবদিহির চাপ তৈরি হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
