যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভবন। ছবি: এপি
যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে ডাক বিভাগের মাধ্যমে ভোটদান বা ‘মেইল-ইন ব্যালট’ দেওয়ার সুযোগ সীমিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত বিতর্কিত নির্দেশ বাস্তবায়নে বাধা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন কংগ্রেস নিয়ন্ত্রণের লড়াইয়ে হোয়াইট হাউসের গৃহীত কৌশল বড় ধরনের আইনি ধাক্কার মুখে পড়ল।
প্রেসিডেন্ট ট্রাম্পের মার্চ মাসে স্বাক্ষরিত নির্বাহী আদেশ এবং মার্কিন পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) বিতর্কিত নতুন নিয়ম বাস্তবায়নের ওপর বোস্টনের একটি ফেডারেল আদালতের দেওয়া সাময়িক স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। নির্বাচনী জালিয়াতি ও অনাগরিকদের ভোটদান ঠেকানোর যুক্তি দেখিয়ে কেবল নিবন্ধিত নাগরিক তালিকায় অন্তর্ভুক্তদের কাছেই ব্যালট পেপার পাঠানো এবং খামে ইউনিক বারকোড চালুর বাধ্যবাধকতা আরোপ করেছিল হোয়াইট হাউস।
নিষেধাজ্ঞা বহাল রাখার আদেশে সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারক ব্রেট কাভানাভ জানান, চূড়ান্ত পর্যায়ে এই নিয়ম পোস্টাল সার্ভিসের আইনি এখতিয়ারের মধ্যে পড়ার সুযোগ থাকলেও “২০২৬ সালের নির্বাচনে এই নতুন নিয়ম প্রয়োগ করা হবে অত্যন্ত নির্বিচার এবং অযৌক্তিক।” এর আগে ২৩টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি যৌথভাবে আদালতে যুক্তি দেখায় যে, কেন্দ্রীয় সরকারের এই আদেশ মার্কিন সংবিধানে রাজ্যগুলোকে দেওয়া নির্বাচন পরিচালনার স্বাধীন অধিকার সরাসরি লঙ্ঘন করে।
অবশ্য রক্ষণশীল বিচারক স্যামুয়েল অ্যালিতো এবং ক্লেরেন্স থমাস রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে মন্তব্য করেন, মার্কিন ডাক বিভাগের চিঠি ও মেইল ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের স্পষ্ট এখতিয়ার রয়েছে।
বোস্টনভিত্তিক বিচারক ইন্দিরা তালওয়ানি গত ৪ সেপ্টেম্বর ট্রাম্পের আদেশের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা দিয়ে সতর্ক করেছিলেন যে, নির্বাচনের এত কাছাকাছি সময়ে নিয়ম বদলালে লাখ লাখ সাধারণ ভোটার ভোটাধিকার বঞ্চিত হবেন। পরবর্তীতে মার্কিন আপিল আদালত এবং বিচারক কার্ল নিকোলস ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করে দিলে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। পোস্টাল শ্রমিক ইউনিয়নও স্পষ্ট জানিয়েছে, ভোটের মাত্র কয়েক সপ্তাহ আগে কর্মীদের এমন জটিল নতুন প্রক্রিয়ায় প্রশিক্ষণ দেওয়া কার্যত অসম্ভব।
পোস্টাল ব্যালট নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্পের বড় ধরনের ধাক্কা খাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুন মাসেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে, নির্বাচনের দিন পর্যন্ত পাঠানো সব পোস্টাল ব্যালট রাজ্যগুলোকে গণনা করতে হবে; যার মাধ্যমে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পৌঁছানো ব্যালট বাতিলের ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়।
নির্বাচন ঘনিয়ে আসায় ইতোমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে মেইল-ইন ব্যালট বিতরণ শুরু হয়েছে, যা নির্ধারণ করবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। আপাতত আদালতের এই সিদ্ধান্তের ফলে লাখ লাখ মার্কিন ভোটার বিদ্যমান স্বাভাবিক নিয়মে ভোট প্রদান করতে পারবেন, যদিও মূল আইনি লড়াইটি পরবর্তীতে ভিন্ন মোড় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইনজীবীরা।
তথ্যসূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
