× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খলিলুরের নেতৃত্বে জাতিসংঘ হারানো আস্থা ফিরে পাবে: জাতিসংঘের মহাসচিব

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬ পিএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯ পিএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৈশ্বিক ভূরাজনীতিতে বর্তমানে হারিয়ে যাওয়া আস্থা ও আন্তর্জাতিক সদিচ্ছা পুনর্গঠন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ঐতিহ্যবাহী কাঠের হাতুড়ি গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের এই সাবেক শীর্ষ কূটনীতিক।

৮১তম অধিবেশনে দায়িত্ব গ্রহণকালে বিদায়ী সভাপতি জার্মানির আনালেনা বেয়ারবকের কাছ থেকে প্রতীকী দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘকে 'ভবিষ্যতের উপযোগী' হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন খলিলুর রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমে 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে চিহ্নিত এই ফোরামে ১৯৮৬ সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সভাপতি আসনে বসল বাংলাদেশ।

জাতিসংঘের মূল মঞ্চে দেওয়া বক্তব্যে নতুন সভাপতি খলিলুর রহমান বলেন, “আমরা এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে আস্থার ঘাটতি রয়েছে। এটি ১৯৪৫ সাল নয়, এটি ৮১তম অধিবেশন। বিশ্ব এগিয়ে গেছে, এই সংস্থাকেও এগিয়ে যেতে হবে এবং আমি সেই প্রক্রিয়ায় সহায়তা করব।” তিনি বর্তমান ভূরাজনৈতিক যুদ্ধ, মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তনের কঠিন সময়ে জাতিসংঘের ওপর বিশ্ববাসীর হারানো আস্থা পুনরুদ্ধারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “কূটনীতি, সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই কেবল সাধারণ পরিষদ এই আস্থা ও সদিচ্ছা ফিরিয়ে আনতে পারে। বহুপক্ষীয় ব্যবস্থার ওপর আস্থা পুনর্গঠন করাই আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা খলিলুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বেগবান হবে।”

বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক বলেন, “যারা জাতিসংঘকে অপ্রাসঙ্গিক বা ব্যর্থ মনে করেন, তাঁদের জাতিসংঘবিহীন এক বিশৃঙ্খল পৃথিবীর কথা চিন্তা করা দরকার। বিশ্বকে আরও নিরাপদ রাখতে এই বহুপক্ষীয় প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা এখন যেকোনো সময়ের চেয়ে বেশি।”

বিশ্বজুড়ে যখন সংঘাত, আর্থিক মন্দা ও জলবায়ু বিপর্যয় তীব্র রূপ নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এক বছরের মেয়াদে 'আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা' শীর্ষক খলিলুর রহমানের ঘোষিত মূল প্রতিপাদ্য বিশ্ব কূটনীতিতে এক নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন জাতিসংঘের প্রতিনিধিরা।


তথ্যসূত্র: ইউএনবি


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.