রাশিয়ার আমুর অঞ্চলের এক মেগা গ্যাস কেমিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহিন উদ্দিন নামে আরও এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মস্কোর একটি হাসপাতালে তাঁর মৃত্যু নিশ্চিত করেন রাশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান। এ নিয়ে গত ২৫ আগস্ট ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ঘটে যাওয়া মর্মান্তিক আগুনে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছাল এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন গুরুতর দগ্ধ আরেক বাংলাদেশি।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, “চিকিৎসাধীন মাহিনকে দেখতে বুধবার মস্কোর হাসপাতালে যাওয়া হয়েছিল। সেদিনও তিনি কথা বলেছিলেন এবং ভিডিওকলে নিজ পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছিল।” তিনি আরও জানান, আগুনে মোট ৩৬ জন বাংলাদেশি আহত হয়েছিলেন, যাঁদের মধ্যে চারজনের মৃত্যু হলো এবং ৩১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
এর আগে ওই অগ্নিকাণ্ডে ভৈরবের জাকির হোসেন, মেহেরপুরের মো. আলাল হোসেন রাজু এবং রাজবাড়ীর আব্দুল কুদ্দুস মারা যান। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে দূতাবাস কর্মকর্তা জানান, জাকির ও রাজুর কফিনবন্দি মরদেহ আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা পৌঁছাবে, আর মাহিন ও কুদ্দুসের আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পাঠাতে আরও ৬-৭ দিন সময় লাগবে।
উল্লেখ্য, রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট ‘সিবুর’ ও চীনের ‘সিনোপেক’-এর ১০ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগে নির্মিত বিশ্বের অন্যতম বৃহৎ এই পলিমার কারখানায় গত ২৫ আগস্ট পাইরোলাইসিস ইউনিটে আগুন ধরে যায়। ওই ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারান, যাঁদের ১৪ জনই বিদেশি নাগরিক। বর্তমানে আমুর অঞ্চলের স্থানীয় প্রশাসন ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।