× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধির যোগদান নিয়ে অনিশ্চয়তা, কিছু জানে না দিল্লি

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৯ এএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ এএম

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না কিংবা তিনি না এলে অন্য কেউ ঢাকা থেকে প্রতিনিধিত্ব করবেন কি না, সে বিষয়ে ভারত সরকারের কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক জটিলতায় সফর ও প্রতিনিধিত্ব নিয়ে এই ধোঁয়াশা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি পাঠানো সংক্রান্ত বিষয়ে আমাদের কাছে আপাতত নতুন কোনো তথ্য জানা নেই।”

উল্লেখ্য, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বিপক্ষীয় সফরের জন্য দিল্লি আনুষ্ঠানিকভাবে তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসছিল এবং পরবর্তীতে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস আউটরিচ পর্বের জন্য আমন্ত্রণ দেওয়া হয়। তবে সম্প্রতি দিল্লিতে বসে শেখ হাসিনার ধারাবাহিকভাবে দেশ ও সরকারবিরোধী প্রচারণার কারণে বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়ার মুখে দুই দেশের শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার গতি থমকে দাঁড়ায়। ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে (এফসিসি) পলাতক শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত বিজ্ঞপ্তিতে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর অনিশ্চিত হয়ে পড়ে।

ব্রিফিংয়ে ভারতের মাটিতে শেখ হাসিনার নতুন করে সাক্ষাৎকার প্রদান এবং তাঁর বাংলাদেশ নীতি সংক্রান্ত মন্তব্যের বিষয়ে ভারত সরকারের মনোভাব জানতে চাইলে মুখপাত্র কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। একই সময়ে ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা বা তাঁর আইনি সুরক্ষা সংক্রান্ত আলোচনার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের নির্দিষ্ট প্রশ্নের মুখেও কোনো মন্তব্য না করে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দক্ষিণ এশিয়ার চলমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই শীর্ষ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও শেখ হাসিনাকে কেন্দ্র করে কূটনীতিক ও রাজনৈতিক টানাপোড়েন না কমলে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ এবং ব্রিকসে ঢাকা থেকে কার অংশগ্রহণ ঘটবে—তা নিয়ে জটিলতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.