× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিবিসির বিশ্লেষণ

তারেক রহমানকে দিল্লিতে চায় কেন ভারত?

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

২৮ আগস্ট ২০২৬, ২০:৫৭ পিএম । আপডেটঃ ২৯ আগস্ট ২০২৬, ০১:১২ এএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি সফরে অভ্যর্থনা জানাতে প্রবল আগ্রহ দেখাচ্ছে ভারত সরকার। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বড় জয়ের পর সরকার গঠনকারী তারেক রহমানের সম্ভাব্য এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে এই সফরের সময়কাল ও অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকি নিয়ে ঢাকার পক্ষ থেকে গভীর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে মরিয়া ভারত। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানান, তারেক রহমান দিল্লি গেলে তাঁকে ‘সর্বোচ্চ সম্মান’ ও ‘স্মরণীয় অভ্যর্থনা’ দেওয়া হবে। ভারত ইতিমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সহজীকরণে নানা ইতিবাচক পদক্ষেপ নিলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ ঝুলে থাকা একটি বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এই বিষয়ে বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণ দ্রুত করার বিষয়ে ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।” এখনো সফরের কোনো চূড়ান্ত তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি উল্লেখ করে তিনি জানান, ঢাকাসংশ্লিষ্ট বিষয়গুলোর আইনি ও নীতিগত অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

এদিকে দিল্লিতে অবস্থানকালে ভারতের মাটিতে শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্যদান বাংলাদেশে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন এই প্রসঙ্গে মন্তব্য করেন, “হাসিনার ওই বক্তব্য বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। এতে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে গড়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন ওঠে।” কৌশলগত বিশ্লেষকদের মতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ও ১২ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যের পাশাপাশি পাকিস্তান ও মুসলিম দেশগুলোর সম্ভাব্য নিরাপত্তা চুক্তির জোটে ঢাকার আগ্রহ দিল্লির উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এবং ভূ-রাজনৈতিক সমীকরণের জটিলতার সমাধান কীভাবে হয়, তার ওপরই নির্ভর করছে তারেক রহমানের ঐতিহাসিক দিল্লি সফরের আনুষ্ঠানিক ভিত্তি ও ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ।


তথ্যসূত্র: বিবিসি



National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.