যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেটি ইমেজ
ব্যবসায়িক পরিধি বাড়াতে গিয়ে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান 'ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ'। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৮০ লাখ ডলারে—যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। মূলত মূল ধারার গণমাধ্যমের বাইরে ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ এবং ডিজিটাল মুদ্রার দরপতনের কারণেই এই বিশাল আর্থিক ক্ষতি হয়েছে বলে সোমবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ট্রাম্প মিডিয়া জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের মোট আয় ৮৯ শতাংশ বেড়ে ১৭ লাখ ডলারে পৌঁছালেও ক্রিপ্টো খাতের বিপুল দরপতন সামগ্রিক ভারসাম্য ভেঙে দিয়েছে। বর্তমানে ট্রাম্প মিডিয়ার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার, যার মধ্যে নগদ অর্থ, স্বল্পমেয়াদি বিনিয়োগ ও ডিজিটাল মুদ্রার আর্থিক মূল্যমান প্রায় ১৯০ কোটি ডলার। তবে অস্থিতিশীল ক্রিপ্টো বাজারের প্রভাবেই কোম্পানিটির ব্যালেন্স শিট বড় ধরনের লাল বাতি দেখেছে।
আন্তর্জাতিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান '১০ এক্স রিসার্চ'-এর বিশ্লেষক মার্কাস থিয়েলেন বলেন, "ট্রাম্প মিডিয়া মূলত একটি গণমাধ্যমকেন্দ্রিক ক্রিপ্টোকারেন্সিধারী কোম্পানিতে পরিণত হয়েছে। বৈচিত্র্য আনার নামে যেসব নতুন খাতে বিনিয়োগ করা হয়েছে, সেখান থেকে এখনো উল্লেখেযোগ্য আয় না আসায় এই কৌশলগত ভুলের মাসুল হিসেবে বিশাল লোকসান গুনতে হচ্ছে।"
আর্থিক ধাক্কা সামলাতে কোম্পানিটি এখন পুনরায় তাদের মূল ব্যবসা অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ট্রুথ সোশ্যালে 'প্রিমিয়াম মার্কেট তথ্য' নামের একটি নতুন ও বিতর্কিত সেবা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকেরা ট্রুথ সোশ্যালে পোস্ট হওয়া প্রভাবশালী ব্যক্তিত্বদের অর্থনৈতিকভাবে সংবেদনশীল তথ্য বা বক্তব্য অন্যদের চেয়ে আগে দেখতে পাবেন—যা শেয়ারবাজার বা সম্পদ লেনদেনে বাড়তি সুবিধা দেবে।
তবে এই নতুন বাণিজ্যিক সেবা ঘিরে মার্কিন রাজনীতি ও অর্থনীতিতে নতুন আইনি ও নৈতিক বিতর্কের জন্ম হয়েছে। যেহেতু ট্রাম্প পরিবারের কাছেই এখনো কোম্পানির সংখ্যাগরিষ্ঠ শেয়ার রয়েছে, তাই রাষ্ট্রপ্রধানের পদে থেকে ট্রাম্পের দেওয়া প্রকাশ্য বক্তব্য বা রাজনৈতিক ঘোষণা থেকে তাঁর নিজস্ব পরিবার পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠান সুবিধা নিতে পারে কি না—তা নিয়ে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞরা।
তীব্র সমালোচনার মধ্যেও নতুন কৌশল নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন ম্যাকগার্ন। তিনি বলেন, "আমরা এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি। এই নতুন সেবাটি আয়ের একটি বড় উৎস হতে পারে বলে আমরা আশাবাদী। ইতিমধ্যে ১০ জনের বেশি প্রাতিষ্ঠানিক গ্রাহক এতে যুক্ত হয়েছেন এবং আগামী প্রান্তিকগুলোতে শেয়ারহোল্ডারদের ধারাবাহিক অগ্রগতির খবর দেওয়া সম্ভব হবে।"
ডিজিটাল মুদ্রার চরম অস্থিরতা এবং নতুন বাণিজ্য নীতি নিয়ে বিতর্কের মুখে ট্রাম্প মিডিয়ার শেয়ার দর ভবিষ্যতে কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে, তা নিয়ে এখন সংশয়ে রয়েছেন ওয়াল স্ট্রিটের অর্থনীতিবিদরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
