ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। ফাইল ছবি: রয়টার্স
এখনই রাজনৈতিক দল গঠন না করে শিক্ষা ব্যবস্থার সংস্কার, সংবিধানের আদর্শ রক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে একটি ‘প্রেশার গ্রুপ’ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে দেশজুড়ে কাজ করার নতুন রণনীতি ঘোষণা করেছে বিতর্কিত যুব প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দুদিনব্যাপী কোর কমিটির বৈঠক শেষে ১ সেপ্টেম্বর থেকে ভারতের প্রতিটি রাজ্যে সাধারণ মানুষের মন জানতে 'কেয়া বোলতি পাবলিক' নামক বিশেষ জনসংযোগ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দলটির জাতীয় আহ্বায়ক অভিজিৎ দিপকে। আগামী মাসের এই অভিযানের মাধ্যমে জেন-জি প্রজন্যের ক্ষোভ ও সাধারণ মানুষের সমস্যা উপলব্ধি করে রাজপথ থেকে তৃণমূল স্তরে সংগঠন বিস্তৃত করাই তাঁদের প্রধান লক্ষ্য।
সিজেপির অন্যতম শীর্ষ নেতা সৌরভ দাস বলেন, “অনেকেই সিজেপিকে রাজনৈতিক দল হিসেবে দেখতে চাইছেন, কিন্তু আমরা সেই পথে হাঁটছি না। দেশে রাজনৈতিক দলের অভাব নেই, কীভাবে তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তাও সবার জানা। আমরা তাই আলাদা দল না গড়ে সরাসরি সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব।”
সিজেপি নেতৃত্বের মূল লক্ষ্য উচ্চশিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো, যা বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। জাতীয় আহ্বায়ক অভিজিৎ দিপকে ইডি-সিবিআইয়ের অপব্যবহার, নির্বাচন কমিশনের ওপর জনআস্থার অভাব এবং ধীরগতির বিচারপ্রক্রিয়ার সমালোচনা করে বলেন, “আমাদের লক্ষ্য সংবিধানের আদর্শ, সামাজিক ন্যায় ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা। আমরা কোনো রাজনৈতিক সুবিধাবাদে না গিয়ে তৃণমূল থেকে জনগণের কথা শুনতে চাই, কারণ যন্তর মন্তরের আন্দোলনের সময়ই আমরা বুঝেছি মানুষ এই অব্যবস্থাপনার প্রতিকার চায়।”
রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের লড়াইয়ে সিজেপির প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হওয়ায় কেন্দ্রীয় সরকার ও বিজেপি সতর্ক অবস্থান নিয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন আরএসএস-প্রধান মোহন ভাগবত তরুণদের এই প্রতিবাদকে গুরুত্ব দিয়ে মন্তব্য করেছেন, “জেন-জি বা তরুণ প্রজন্ম আন্দোলন করছে বলেই তারা দেশদ্রোহী নয়, তারা যুক্তি খোঁজে এবং দেশসেবার মনোভাব রাখে। আমাদের উচিত তাদের ভাষা বোঝা এবং ভরসা রাখা।”
দুদিনের বৈঠকে ২৬ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের নিয়ে সিজেপির ১১ সদস্যের জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে এবং তহবিল সংগ্রহে অস্বচ্ছতা এড়াতে আপাতত ক্রাউড ফান্ডিংয়ের পরিকল্পনা রাখা হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি ও যন্তর মন্তরে দমন-পীড়নের বিষয়ে সংসদে স্থবিরতা বজায় থাকলেও, নতুন প্রজন্মের এই অরাজনৈতিক সামাজিক আন্দোলন ভারতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
