× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এলাহাবাদ হাই কোর্টের রায়

স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

০৩ আগস্ট ২০২৬, ০৩:০৩ এএম । আপডেটঃ ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৫ এএম

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাই কোর্ট। ছবি: এক্স

ভারতে কোনো প্রাপ্তবয়স্ক নারী যদি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তবে তাতে পিতা বা অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবেন না বলে রায় দিয়েছেন উত্তর প্রদেশের এলাহাবাদ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজস্ব বিশ্বাস, বিবাহ ও বাসস্থান বেছে নেওয়ার স্বাধীনতায় বাধা দেওয়া তার মর্যাদা, গোপনীয়তা এবং সংবিধানপ্রদত্ত ব্যক্তিগত স্বাধীনতার চরম লঙ্ঘন।

সম্প্রতি দিব্যা ভাটিয়া (২০) ও অংশু ভাটিয়া (৩৫) নামের দুই বোনের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি সন্দীপ জৈনের একক বেঞ্চ এ রায় ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। ভুক্তভোগী দুই বোন আদালতে অভিযোগ করেন, স্বেচ্ছায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং পছন্দের পাত্রকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় তাদের বাবা তাদের বেআইনিভাবে আটকে রেখেছেন। উদ্ভূত পরিস্থিতিতে আদালত দুই বোনকে আগামী ৬ আগস্ট বিচারকের সামনে উপস্থিত করার জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছে, যাতে তাদের মতামত সরাসরি শুনে সিদ্ধান্তের সত্যতা যাচাই করা যায়।

গত ৩১ জুলাই প্রদত্ত আদেশে বিচারপতি সন্দীপ জৈন বলেন, "অভিযোগ সত্য প্রমাণিত হলে আবেদনকারীদের ব্যক্তিগত পছন্দে তাদের বাবা বা অন্য কারও হস্তক্ষেপ এই নারীদের সংবিধান-সুরক্ষিত মর্যাদা, গোপনীয়তা, ব্যক্তিস্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। দুই নারীই আইনগতভাবে প্রাপ্তবয়স্ক, ফলে ধর্ম, জীবনসঙ্গী ও ভবিষ্যৎ জীবন নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।"

আদালত ইঙ্গিত পায় যে, দুই বোন কোনো চাপ ছাড়াই নিজস্ব ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন। একই সঙ্গে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনে পুলিশ তাদের আদালতে হাজির করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত হলফনামা দাখিল করে কারণ দর্শাতে হবে এবং আদেশ বাস্তবায়নে নেওয়া পরবর্তী পদক্ষেপের বিস্তারিত জানাতে হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, ভারতে সম্প্রতি ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মান্তর নিয়ে উত্তপ্ত রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে এলাহাবাদ হাই কোর্টের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যক্তির মৌলিক মানবাধিকার ও স্বায়ত্তশাসন রক্ষায় বিচার বিভাগের এমন কঠোর অবস্থান ভবিষ্যতের একই ধরনের মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.