মার্কিন বিমান হামলা বন্ধের ঘোষণার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্র দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করেছে ইরান।
যুক্তরাষ্ট্র বিমান হামলা স্থগিত রাখার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট মিত্র দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো বন্ধ করেছে ইরান। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার ও আজ রোববার দুই দেশের মধ্যে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। বার্তা আদান-প্রদানের মাধ্যমে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও উভয় পক্ষের মধ্যে গভীর অনাস্থা বহাল থাকায় কৌশলগত এই বিরতি কত দিন স্থায়ী হবে, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে, ওয়াশিংটন পূর্বে একাধিক আলোচনায় প্রতিশ্রুতি ভঙ্গ করলেও বর্তমানে দুই দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক বার্তা আদান-প্রদান করছে। একই সঙ্গে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট জানান, হামলা বন্ধ থাকলে ইরানও অভিযান বন্ধ রাখবে—এই বার্তা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির সুযোগ তৈরি করতে আপাতত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পেন্টাগন সূত্র জানিয়েছে, টানা দুই সপ্তাহের অভিযানে নির্ধারিত লক্ষ্যবস্তু প্রায় শেষ হওয়া এবং মধ্যপ্রাচ্যে পেন্টাগনের আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুত উদ্বেগজনকভাবে কমে যাওয়াই এই সামরিক বিরতির মূল কারণ।
ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় ওকে জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, "আমাদের অবস্থান খুব স্পষ্ট—হামলার জবাব হামলা। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপকে আমরা স্থায়ী নীতিগত পরিবর্তন না ভেবে কৌশলগত বিরতি হিসেবেই দেখছি।"
তবে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলেও ইরানের অভ্যন্তরীণ মহল এবং সরকারের নীতিনির্ধারকদের মধ্যে আশার চেয়ে সংশয়ই বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কেন্দ্রিক সংকট পুরোপুরি নিরসন না হওয়ায় তেহরানের সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।
তেহরানের এক স্থানীয় ব্যবসায়ী রয়টার্সকে বলেন, "দেশের সবাই এখন গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যুদ্ধ পুরোপুরি শেষও হচ্ছে না, আবার স্পষ্টভাবে এগোচ্ছেও না।" কৌশলগত এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত স্থায়ী কোনো পারমাণবিক ও আঞ্চলিক শান্তি চুক্তিতে রূপ নেয় নাকি পুনরায় পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্বের।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
