× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে মোদির বাড়ির সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশসহ শীর্ষ নেতারা

ন্যশনাল ট্রিবিউন ডেস্ক:

২১ জুলাই ২০২৬, ২৩:৪০ পিএম । আপডেটঃ ২২ জুলাই ২০২৬, ০০:১৮ এএম

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ধরনায় বসার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স

ভারতে চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে পুলিশ। ভারতের সাম্প্রতিক ইতিহাসে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের এমন নজিরবিহীন অবস্থান এবং পরবর্তী গণআটকের ঘটনাকে কেন্দ্র করে দেশটির জাতীয় রাজনীতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাঁদের আটক করা হয়। 

অনলাইনভিত্তিক যুব সংগঠন 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) ডাকে গতকাল সংসদ অভিমুখে পদযাত্রা করার সময় হাজার হাজার শিক্ষার্থীর ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসে পড়েন কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতারা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন ও কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের আচমকা এই পদক্ষেপে অপ্রস্তুত হয়ে পড়েন নিরাপত্তাকর্মীরা। তাঁদের সঙ্গে পরে যোগ দেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এবং বিশিষ্ট রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদব।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, "আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে এসে গেছি। গতকাল ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের জবাব চাইতে এসেছি। এই সরকার কোনো দায় নিতে চায় না। দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।"

ধরনাস্থলে প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব পৌঁছে নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং বুধবার সংসদে আলোচনার প্রস্তাব দেন। তবে নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে অনড় থাকেন বিরোধী নেতারা।

কংগ্রেস সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেন বলেন, তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায় এড়ানোর রাজনীতির প্রতিবাদেই এখানে এসেছেন এবং কোনোভাবেই পদত্যাগের দাবি থেকে পিছু হটবেন না। সন্ধ্যা পৌনে ছয়টায় এক বার্তায় রাহুল গান্ধী সব দেশপ্রেমিক ভারতীয়কে শিক্ষার্থীদের সুবিচারের দাবিতে এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।

বিরোধীদের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার নেতা-কর্মী লোক কল্যাণ মার্গে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এক ঘণ্টার মধ্যে বহু গাড়িসহ অতিরিক্ত দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিজেপির পক্ষ থেকে এই অবস্থানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দাবি করা হলেও কংগ্রেস এটি ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ বলে প্রত্যাখান করে।

অবশেষে প্রায় তিন ঘণ্টা ধরে চলা বিক্ষোভ ও স্লোগানের মধ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ শীর্ষ নেতাদের জোরপূর্বক পুলিশি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তবে আটকের পর তাঁদের কোথায় রাখা হয়েছে। সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরীক্ষায় কারচুপি ও শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের ঘটনায় চলমান এই আন্দোলন ভারতের জাতীয় রাজনীতিতে মোদি সরকারের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সংসদের চলতি অধিবেশন এবং আগামী দিনগুলোতে বিরোধীদের এই অবস্থান আরও তীব্র রূপ নেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.